এসএমপির অভিযানে ৩২ ঘন্টায় সিলেটে আটক ১৩৫
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
সিলেট নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযানে গত ৩২ ঘণ্টায় ১৩৫ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৫৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) এই তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম।
এসএমপি সুত্র জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৩২ ঘন্টার পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩৫ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, চোর ও চোরাকারবারি, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশে গ্রেফতারকৃত ব্যক্তিরা রয়েছেন।
অভিযানকালে ১ লাখ ৬৮ হাজার পিস শলাকা শেখ নাসির উদ্দীন বিড়ি উদ্ধার করা হয়।
এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৬৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৮৬টি যানবাহন আটক করা হয়।
এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে মহানগরজুড়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
- নীরব চাকলাদার



