প্রশাসনের নির্দেশেও সরছে না বেড়া, দুইদিন ধরে অবরুদ্ধ ৫ পরিবার
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগরে সরকারি খাস জমিতে বসবাসকারী পাঁচটি পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার ঘটনার ২৪ ঘণ্টারও বেশি সময় পার হলেও পরিস্থিতির পুরোপুরি সমাধান হয়নি। উপজেলা প্রশাসনের নির্দেশ সত্ত্বেও অভিযুক্তরা বেড়া অপসারণ না করায় পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা বাড়ছে।
ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় কয়েকজন ব্যক্তি জমি দখলের উদ্দেশ্যে তাদের বসতঘরের প্রধান যাতায়াত পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। এতে গত দুই দিন ধরে তারা কার্যত গৃহবন্দী অবস্থায় রয়েছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার বিকেল তিনটায় এক ঘন্টার মধ্যে বেড়া অপসারণের নির্দেশ দেওয়া হলেও তা আমলে নিচ্ছেন না অভিযুক্তরা। বুধবার (২৪ জুন) দুপুর ১২টা পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় রয়েছে পরিবারগুলো।
ভুক্তভোগী হলুদা আক্তার ও সুমা আক্তার জানান, দীর্ঘ ৩১ বছর ধরে তারা এই সরকারি খাস জমিতে (ইকড়ছই মৌজা) বসবাস করছেন। কিন্তু স্থানীয় আশিক মিয়া ও আমির আলীর লোকজন জমিটি দখলের উদ্দেশ্যে অন্যায়ভাবে তাদের যাতায়াতের প্রধান মুখে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে ফেলে। ২৪ ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ থাকার পর প্রশাসনের প্রাথমিক আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরলেও বেড়া পুরোপুরি অপসারণ না হওয়া পর্যন্ত তাদের মাঝে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
এদিকে, এ ঘটনায় অভিযোগ দায়েরের পর উপজেলা প্রশাসন উভয় পক্ষকে নিয়ে এক জরুরি বৈঠকে বসে। বৈঠক শেষে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন জানান, ‘আমরা লিখিত অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি আমলে নিয়েছি। উভয় পক্ষকে নিয়ে বসা হয়েছে এবং বিবাদী পক্ষকে অবিলম্বে এই অবৈধ বেড়া তুলে নেওয়ার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, ‘যদি তারা এই নির্দেশ অমান্য করে বেড়া অপসারণ না করে, তবে আমি নিজেই পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাব এবং আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বেড়া উচ্ছেদ করে পরিবারগুলোকে মুক্ত করব।’
এম এইচ আ



