সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ৫ নেতাকর্মীসহ মোট ১৭ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ
সিলেট মহানগরীতে ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৫ নেতাকর্মীকে গ্রেফতার ও শোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত চলা পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ নিয়ে এই মামলায় এখন পর্যন্ত মোট ১৭ জনকে গ্রেফতার করা হলো। বাকি আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার এবং শোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় এ নিয়ে মোট ১৭ জনকে গ্রেফতার করা হলো।
সোমবার (২২ জুন) দিবাগত রাত থেকে মঙ্গলবার (২৩ জুন) দুপুর পর্যন্ত সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। মঙ্গলবার (২৩ জুন) রাতে প্রথম সিলেটকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
অভিযানে গ্রেফতার হওয়া তিনজন হলেন— মহানগর আওয়ামী নবীনলীগের ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক পাবেল ইসলাম (২৬), মহানগর যুবলীগের ২১ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক মামুন আহমেদ ওরফে এম মামুন (৫০) এবং দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা রাহিমুর রহমান (৩৪)।
এছাড়া, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই সক্রিয় সদস্য রুপল মাহমুদ (৪৫) ও মিনহাজ ইসলামকে (৩৭) এই মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত তিন আসামিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকি দুজনকে শোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়েছে।
গত ১৬ জুন সকাল সাড়ে ৭টার দিকে সিলেট মহানগরীর নবাব রোড এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ৪০/৫০ জন নেতাকর্মী একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের উদ্যোগে আয়োজিত এই মিছিলে নেতৃত্ব দেন সাবেক ছাত্রলীগ নেতা শাহরিয়ার আলম সামাদ ও সুজেল আহমদ তালুকদার। মিছিলের ব্যানারে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তির দাবি জানানো হয়।
এই ঘটনার পর গত ১৮ জুন কোতোয়ালী থানার এসআই মাসুদ আহমদ বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০-৪৫ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত করছেন কোতোয়ালী থানার এসআই মাইনুল।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, ঝটিকা মিছিলের ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
- নীরব চাকলাদার



