সিলেটে ৫ চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার : আটক ২
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
সিলেট নগরীর দক্ষিণ সুরমা থেকে ৫টি চোরাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধারসহ চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২২ জুন) বিকেল ৫টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন নগরীর ২৫নং ওয়ার্ডের মোমিনখলা এলাকার জাহেদুল ইসলাম (দারোগা বাড়ি)-এর বাড়ির সামনে অভিযান চালিয়ে পুরোনো ৩টি চোরাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাড়িগুলোর ইঞ্জিন নম্বর অস্পষ্ট ছিল এবং বডির বিভিন্ন অংশ ভাঙা অবস্থায় পাওয়া যায়।
অভিযানকালে চোরচক্রের সদস্য জকিগঞ্জ থানার সোনাসার গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র আব্দুস শহীদ (৩৪) ও মৌলভীবাজার জেলার বড়লেখার থানার চাঁনগ্রামের আলাউদ্দিনের পুত্র মো. আদিল হোসেন (৩৫) কে আটক করা হয়। তারা বর্তমানে দক্ষিণ সুরমা এলাকায় বসবাস করছিলেন।
পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে আরও ২টি চোরাইকৃত পুরোনো সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। এসব গাড়িরও ইঞ্জিন নম্বর অস্পষ্ট এবং বিভিন্ন অংশ ভাঙা ছিল। এনিয়ে মোট ৫টি চোরাইকৃত সিএনজি উদ্ধার করা হয়।
মঙ্গলবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, আটক দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। চোরাইকৃত যানবাহন চক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততা এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
- নীরব চাকলাদার



