সিরিজ বাঁচানোর ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
ওয়ানডেতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে কার্যত একপেশে ভাবে হেরেছে স্বাগতিক দল।
আজ শুক্রবার (১৯ জুন) সিরিজ সমতায় ফেরার মিশনে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ। অর্থাৎ আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।
মিরপুরে শেষ ওয়ানডেতে চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারছেন না সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তার জায়গায় অধিনায়কের দায়িত্বে আছেন তাওহিদ হৃদয়।
সিরিজ বাঁচানোর ম্যাচে দুই পরিবর্তন করে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। একাদশ থেকে বাদ পড়েছেন এক স্পিনার ও এক পেসার। এই তালিকায় আছেন শেখ মেহেদী হাসান এবং শরিফুল ইসলাম। তাদের জায়গায় খেলবেন নাসুম আহমেদ ও নাহিদ রানা।
২০০৫ সালে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দুই দশকের বেশি সময়। এবার শুধু জয় নয়, সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজটাই নিজেদের করে নিয়েছে টাইগাররা। টানা দুই ম্যাচ জিতে আগে-ভাগেই সিরিজ জিতে নেয় বাংলাদেশ। শেষ ম্যাচে সান্ত্বনার জয় পায় সফরকারীরা।
ওয়ানডে সিরিজটা স্মরণীয় করে রাখলেও টি-টোয়েন্টিতে সুবিধা করতে পারছে না বাংলাদেশ। দুই ওপেনারের দুর্দান্ত শুরুর পরও অজি বোলারদের সামনে প্রথম টি-টোয়েন্টিতে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটারা। স্বাগতিকদের ইনিংস থামে মাত্র ১৩১ রানে। জবাবে ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার।
বাংলাদেশ একাদশ:
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, আব্দুল গাফফার সাকলাইন, শামীম হোসেন, রিশাদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
অস্ট্রেলিয়া একাদশ:
মিচেশ মার্শ, জশ ইংলিস, কুপার কনোলি, টিম ডেভিড, ম্যাট রেনশো, নিখিল চৌধুরি, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন।
- নীরব চাকলাদার



