সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১ জন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
সিলেট বিভাগে হাম ও রুবেলা রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৭১ জনে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে নতুন করে ২টি ল্যাব-নিশ্চিত (কনফার্ম) রোগী শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের মধ্যে একজন সিলেটের ওসমানীনগরের ইলাশপুর এলাকার দ্বিপন পালের ৯ মাস বয়সী কন্যা শিশু দ্বিবানি পাল এবং অন্যজন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিলাইউড়া গ্রামের সবোয়ারের ২ মাস ২৪ দিন বয়সী পুত্র শিশু রাইয়ান।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২৫ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১০৭ জন, সুনামগঞ্জে ১৭৮ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং হবিগঞ্জে ২৪ জন।
গত ২৪ ঘণ্টায় পুরো বিভাগে নতুন করে ৭১ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৬৮ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ১০০ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭২ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ভর্তি আছেন। এছাড়া বাকি রোগীরা বিভিন্ন জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
- নীরব চাকলাদার



