সিলেটে ব্যাটারিচালিত যানবাহনের বিরুদ্ধে আবারও কঠোর অবস্থানে এসএমপি
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
সিলেট মহানগরীতে অবৈধ ব্যাটারিচালিত যানবাহনের চলাচল বন্ধে আবারও কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। নগরীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম চলাচল অব্যাহত থাকায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।
সোমবার (১৫ জুন) সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ এপ্রিল প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাটারিচালিত যানবাহনের মালিক ও চালকদের অনুরোধের প্রেক্ষিতে এবং মানবিক বিষয় বিবেচনায় মহানগর এলাকায় আটককৃত অবৈধ ব্যাটারিচালিত যানবাহন নির্দিষ্ট শর্তে মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছিল।
তবে পরবর্তীতে চলতি বছরের ২০ এপ্রিল জারি করা আরেক নির্দেশনায় জানানো হয়, ওই তারিখের পর থেকে আটক হওয়া কোনো অবৈধ ব্যাটারিচালিত যানবাহন আর ফেরত দেওয়া হবে না। বিধি মোতাবেক সেগুলো ধ্বংস করা হবে।
এসএমপি জানিয়েছে, নির্দেশনা জারির পরও সিলেট নগরীর বিভিন্ন সড়কে অবৈধ ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম চলাচল অব্যাহত রয়েছে। এসব যানবাহনের কারণে নগরীতে যানজট বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।
এ অবস্থায় মহানগর পুলিশ আবারও সতর্ক করে বলেছে, সিলেট মহানগর এলাকায় কোনো অবৈধ ব্যাটারিচালিত যানবাহন চলাচল করতে দেখা গেলে সংশ্লিষ্ট মালিক ও চালকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নগরবাসীর ভোগান্তি কমাতে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এম এইচ আ



