বড়লেখায় এএসপি পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৬, ৮:৪৩ অপরাহ্ণ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিজেকে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে মো. সাজু আহমেদ শোভন নামে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৭ জুন) বিকালে নিউ সমনবাগ চা বাগান বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাজু আহমেদ রংপুর জেলার কোতয়ালী থানার পশ্চিম বাবু খাঁ এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার (৫ জুন) রাতে বড়লেখা থানাধীন নিউ সমনবাগ চা বাগানের বাসিন্দা চা শ্রমিক যতিন চাষার কাছে নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দেন সাজু আহমেদ শোভন। এ সময় তিনি ভয়ভীতি দেখিয়ে মামলা নিষ্পত্তির আশ্বাস দেন। এছাড়া, গ্রেপ্তারের ভয় দেখিয়ে কৌশলে ভুক্তভোগীর কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেন।
গতকাল রোববার বিকালে নিউ সমনবাগ চা বাগান বাজারে আসামিকে দেখে ভুক্তভোগী তাকে শনাক্ত করেন। বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা সাজু আহমেদকে আটক করে এবং বড়লেখা থানায় খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় সাজু আহমেদ নিজেকে পুলিশ কর্মকর্তা দাবি করে পরিচয়পত্র দেখান, যেখানে তার নামের পাশে ‘এএসপি’ পদবি উল্লেখ ছিল। পরে যাচাই-বাছাই করে পুলিশ নিশ্চিত হয় যে, তিনি বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নন এবং পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন।
সাজু আহমেদের কাছ থেকে পুলিশের ভুয়া পরিচয়পত্র ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলার তথ্যও পাওয়া গেছে।
এ ঘটনায় বড়লেখা থানায় পেনাল কোডের ১৭০/৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে। সাজু আহমেদকে আদালতে সোপর্দ করা হয়েছে।



