নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করায় বিতর্ক
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
সম্প্রতি মুক্তি পাওয়া দক্ষিণি তারকা রাম চরণ অভিনীত সিনেমা ‘পেড্ডি’ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ছবিতে তার বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।
ছবিটি মুক্তির পর থেকেই কিছু দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। দর্শকের একাংশের অভিযোগ, জাহ্নবী কাপুরকে কিছু দৃশ্যে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা অস্বস্তিকর এবং অতিরঞ্জিতভাবে আবেদনময়ী করে দেখানো হয়েছে।
অনেকের মতে, এসব দৃশ্য গল্পের মূল ধারাকে ক্ষতিগ্রস্ত করেছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে নারীদের দৃষ্টিভঙ্গিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।
এই বিতর্কের মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জাহ্নবী কাপুর। এক পডকাস্টে তিনি বলেন, ‘নারীদের সম্মতি ছাড়া অশালীনভাবে উপস্থাপন করা বা ক্যামেরার মাধ্যমে অতিরিক্তভাবে ফোকাস করা এক ধরনের সমস্যা। এটি নিয়ে তিনি আগেও আলোকচিত্রীদের সঙ্গে কথা বলেছেন।’
তিনি জানান, নারীদের ছবি তোলার ক্ষেত্রে আরও সংবেদনশীল হওয়া উচিত। এ বিষয়ে তিনি পাপারাজ্জিদের সঙ্গে আলোচনাও করেছেন।
অন্যদিকে, সমালোচনার মুখে পড়ে ছবির পরিচালক এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘কাউকে অস্বস্তিতে ফেলা বা অসম্মান করা তার উদ্দেশ্য ছিল না। সিনেমার লক্ষ্য সবসময় দর্শককে বিনোদন দেওয়া এবং গল্পের সঙ্গে সংযোগ তৈরি করা।’
পরিচালক আরও জানান, নারীদের অবমাননা করার কোনো উদ্দেশ্য তাদের ছিল না। বিতর্কের পরিপ্রেক্ষিতে ছবির কিছু দৃশ্য পুনর্বিবেচনা ও পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী জাহ্নবী কাপুর।



