শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবকের মৃত্যু
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা ৩৫ বছরের যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুন) দুপুরে উপজেলার উত্তরসুর গ্রামে দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের সামনে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন সামছু মিয়া (৩০)। আহতদের বাড়ি রংপুর জেলায় বলে জানা গেছে।
এর আগে, শনিবার (৬ জুন) বিকালে একই স্থানে জয়ন্তিকা ট্রেনের ছাদ থেকে পড়ে এনামুল মিয়া ফাহিম (২৫) ও মো. সিয়াম (১৮) নামে দুইজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ারসার্ভিস ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদর উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। এর মধ্যে এনামুল মিয়া ফাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আহত ও নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে জানা গেছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, রোববার দুপুরে ট্রেন দুর্ঘটনায় আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার গুরুতর দুইজনকে আনা হলে মৌলভীবাজার রেফার করা হয়।
মৌলভীবাজার সদর হাসপাতল সূত্র জানায়, শনিবার ট্রেন দুর্ঘটনায় আহত দুইজনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় এনামুল মিয়া ফাহিমকে সিলেট নেওয়ার পথে মারা গেছে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘রোববার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় আনা হয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে অপমৃত্যু্ুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া গতকাল একই স্থানে দুইজন গুরুতর আহত হন। এরমধ্যে একজনের মৃত্যু হয়।’



