হবিগঞ্জে ছাত্রলীগ নেতা আটক, গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীরা
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
হবিগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান তানিমকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ জুন) বেলা ১২টার দিকে হবিগঞ্জ সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে পৌরসভা রোড এলাকার কেয়ার হাসপাতাল থেকে তাকে আটক করা হয়।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, “পুলিশের পক্ষ থেকে একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।”
এদিকে, মামলায় নাম না থাকা সত্ত্বেও সাবেক ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গ্রেফতার আতঙ্কে এলাকায় আসছেন না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অনেকে দেশের বাইরে অবস্থান করলেও দেশে ফিরতে ভয় পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আরিফ উদ্দিন সৈকতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এই আন্দোলনের আগেই ইংল্যান্ডে চলে আসি। কিন্তু দেশে যে মামলা বাণিজ্য ও বিনা মামলায় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে শুনছি, তাতে দেশে আসতে ভয় পাচ্ছি। আমার নামে বর্তমানেও একটি মিথ্যা মামলা চলমান আছে দেশে।মব সৃষ্টির মাধ্যমে আওয়ামীলীগ এর নেতা কর্মীদের বাড়িঘরে হামলা করা হচ্ছে অনেকেই হামলার স্বীকার,প্রান ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন হাজার হাজার নেতাকর্মী। আমরা চাই দেশ সুন্দরভাবে চলুক এবং ন্যায়বিচার নিশ্চিত হোক।”
তিনি আরও বলেন, “বর্তমান প্রধানমন্ত্রীও একসময় রাজনৈতিক আশ্রয়ে দেশের বাইরে ছিলেন। আমি আশা করি তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন এবং নিরীহ ও নিরপরাধ কেউ যেন জুলুমের শিকার না হন, সে বিষয়টি নিশ্চিত করবেন।”
তবে গ্রেফতার ও হয়রানির অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।




