ট্রেনের বগি লাইনচ্যুত : সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ

মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ আবার স্বাভাবিক হয়েছে। আজ শুক্রবার (২৯ মে) রাত ৮টার দিকে রেললাইন সচল করা হয়।
এর আগে একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে উদ্যানের ভেতরের রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেলযোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট থেকে আখাউড়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া খালি তেলবাহী ওয়াগনের একটি বগি লাউয়াছড়া বনের ভেতরে আকস্মিকভাবে লাইনচ্যুত হয়। বগিটি লাইনের বাইরে চলে যাওয়ায় এই রুটে চলাচলকারী অন্য সব ট্রেন আটকা পড়ে। ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকারী দল হাইড্রোলিক টুলব্যানসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত উদ্ধারকাজ শুরু করে। বিকেল সাড়ে ৩টা থেকে শুরু করে টানা সাড়ে ৪ ঘণ্টার অক্লান্ত চেষ্টার পর রাত ৮টায় লাইনচ্যুত বগিটি উদ্ধার করা সম্ভব হয়।
শমসেরনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রজত কুমার রায় ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন—বিকেল সাড়ে ৩টার দিকে তেলবাহী ট্রেনের খালি বগিটি লাইনচ্যুত হওয়ার পর সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। পরে উদ্ধারকারী দল এসে বগিটি লাইনে ফিরিয়ে আনলে রাত ৮টা থেকে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।
রেলযোগাযোগ স্বাভাবিক হওয়ার পর বিভিন্ন স্টেশনে আটকে থাকা ট্রেনগুলো একে একে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে শুরু করেছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।




