বিশ্বজুড়ে ভাইরাল বাংলাদেশের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ
নারায়ণগঞ্জের একটি খামারে বেড়ে ওঠা অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয়। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ভারত, পাকিস্তান, তুরস্ক, যুক্তরাজ্য, ফ্রান্স এমনকি মার্কিন গণমাধ্যমেও জায়গা করে নিয়েছে এই ব্যতিক্রমী মহিষটি। এবার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইরানও।
শুক্রবার (২২ মে) রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের আনুষ্ঠানিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে মহিষটির একটি ভিডিও শেয়ার করে মজার মন্তব্য করেছে। পোস্টে লেখা হয়, “বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বিরক্ত বোধ করছে বাংলাদেশি মহিষটি।”
ভিডিওটি প্রকাশ করেছে রুশ সংবাদমাধ্যম আরটি। ক্যাপশনে আরও বলা হয়, “ট্রাম্পের মতো দেখতে একটি বাংলাদেশি মহিষকে দেখতে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য মানুষ। এত ভিড়ে তার খাওয়ার রুচিও নষ্ট হয়ে গেছে।”
নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে থাকা ৭০০ কেজি ওজনের এই মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার মিল থাকায় রসিকতা করেই এমন নাম দেন খামারের মালিকের ছোট ভাই। বিশেষ করে মহিষটির সোনালি রঙের লোম ও মুখের গড়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা বলেন, “আমার ছোট ভাই মজা করে এই নাম রেখেছে। মহিষটি খুবই শান্ত স্বভাবের। অ্যালবিনো মহিষ সাধারণত শান্ত প্রকৃতির হয়, উত্তেজিত না করলে রাগ করে না।”
এ ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া শিরোনাম করেছে— “দেখুন: ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর মতো দেখতে বাংলাদেশের ভাইরাল মহিষগুলো সবার নজর কাড়ছে।”
ফরাসি বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এএফপি তাদের প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্টের ‘কমান্ডার ইন চিফ’ উপাধির অনুকরণে মহিষটিকে আখ্যা দিয়েছে ‘কমান্ডার ইন বিফ’ নামে। অন্যদিকে রয়টার্সের শিরোনাম ছিল— “বাংলাদেশের বিরল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ ঈদকে ঘিরে সৃষ্টি করেছে ব্যাপক আলোড়ন।”
এম এইচ আ




