সহকারী হাইকমিশনে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের স্মারকলিপি প্রদান
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 22 May 2026, 11:47 PM
সহকারী হাইকমিশনে “বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে”-এর পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর গত ২১ মে ২০২৬ তারিখে সহকারী হাইকমিশনের মাধ্যমে একটি আবেদনপত্র জমা দেওয়া হয়।
যুক্তরাজ্যে নবগঠিত কমিউনিটি সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনার সাব্বির আহমেদ। তিনি বলেন, ইতিবাচক সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে সংগঠনটি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে উন্নয়ন ও সৌহার্দ্যের সেতুবন্ধন তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মহসিন চৌধুরী জানান, উক্ত স্মারকলিপিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে (ZYL) বিদেশি এয়ারলাইন্সের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর দাবি জানানো হয়েছে। তাঁর মতে, এতে দীর্ঘদিনের যাত্রী ভোগান্তি কমবে, টিকিটের মূল্য হ্রাস পাবে এবং আন্তর্জাতিক যোগাযোগ আরও সহজ হবে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, সিলেট অঞ্চলের বিপুল সংখ্যক প্রবাসী—বিশেষ করে যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশিরা—বর্তমানে ঢাকায় ট্রানজিট হয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে তারা নির্বিঘ্নে নিজ অঞ্চলে যাতায়াতের সুযোগ পাবেন।
এছাড়া কার্গো অপারেশন চালুর মাধ্যমে সিলেটের চা, সাতকরা, লেবু, পানপাতা ও তাজা মাছসহ বিভিন্ন পণ্য দ্রুত আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সৃষ্টি হবে বলে জানানো হয়। এতে স্থানীয় অর্থনীতি ও রপ্তানি খাত আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়।
সংগঠনটির মতে, সিলেটকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান হাবে রূপান্তর করা গেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর চাপ কমবে এবং দেশের পর্যটন ও ব্যবসায়িক খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এ বিষয়ে সংগঠনটি দেশ-বিদেশের সকল কমিউনিটি নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।




