সিলেটের বিভিন্ন সীমান্তে পৌণে ১ কোটি টাকার চোরাইপণ্য আটক বিজিবির
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ
সিলেট সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ১৩ হাজার ৭৩০ টাকা।
বৃহস্পতিবার বিকেলে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক।
বিজিবি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন বাংলাবাজার, সোনারহাট, বিছনাকান্দি, তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া এবং পান্থুমাই বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে ভারতীয় শাড়ী, কাশ্মীরি শাল, মোবাইল ডিসপ্লে, জিরা, বিড়ি, ফুচকা, পুরাতন চাকার রিম, কম্বল, নারিকেল, চিনি, চা পাতা, সুপারি ও সাবানসহ বিভিন্ন চোরাচালানী পণ্য আটক করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশী শিং মাছও জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। আটককৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন রয়েছে।




