আম্বরখানায় কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় পণ্যসহ আটক ১
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : 21 May 2026, 9:39 PM
সিলেট নগরীর আম্বরখানা দর্শনদেউড়ি এলাকায় অভিযান চাুলিয়ে কাভার্ডভ্যান ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ১ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৬টার দিকে হযরত শাহজালাল (র.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. আবদুল আজিজের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।
এসএমপি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে নগরীর আম্বরখানা সংলগ্ন দর্শনদেউরী এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে কাভার্ডভ্যানটি আটক করা হয়। এসময় ভ্যান থেকে ৬০ বস্তায় ১৮০০ কেজি জিরা ও ১৫ বস্তায় ৭৫০ কেজি চাপাতা উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সোয়া ১১ লাখ টাকা। এসময় একজনকে আটক করা হয়। আটককৃতের নাম আবদুস শুকুর (৩৫)। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার উপর সামপুর গ্রামের মৃত আইয়ূব আলীর ছেলে।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, চোরাইপণ্য জব্দের পাশাপাশি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলায় আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।




