যুক্তরাষ্ট্র আবার হামলা করলে ‘আরও বড় চমক’ দেখাবে ইরান: আরাগচি
সিকডে
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ভেঙে আবার হামলা শুরু করলে ইরান ‘আরও বড় চমক’ দেখাতে বাধ্য হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি মঙ্গলবার (১৯ মে) সামাজিক যেগাাযোগমাধ্যম এক্সে এ সতর্কবার্তা জানিয়েছেন।
পোস্টে আরাগচি বলেছেন, যুদ্ধ শুরুর দুই মাসেরও বেশি সময় পর মার্কিন কংগ্রেস স্বীকার করেছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে তারা কয়েক ডজন যুদ্ধবিমান হারিয়েছে, যার সম্মিলিত মূল্য শত শত কোটি ডলার। তিনি দাবি করেন, প্রথম যে মার্কিন বিমানটি ভূপাতিত হয়েছে সেটি ছিল অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান এবং ইরানের সশস্ত্র বাহিনীই এটি ধ্বংস করেছে।
আরাগচি আরও বলেন, এ যুদ্ধ থেকে অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞানের ভিত্তিতে তিনি নিশ্চিত যে, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের হামলা চালায়, তবে ইরান তাদের জন্য আরও অনেক বড় চমক তৈরি করবে।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘ উত্তেজনার পর গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। প্রায় ৪০ দিন যুদ্ধ চলার পর ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়, যা এখনও চলছে।
তবে যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে ফের বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি আশা করেন আর যুদ্ধ করতে হবে না, কিন্তু প্রয়োজনে ইরানের ওপর আরেকটি বড় আঘাত হানা সম্ভব। ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই আরাগচি তার জবাবি পোস্ট করেন।
সূত্র: এএফপি




