সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৬, ৮:২০ অপরাহ্ণ
সিলেটে সন্দেহজনক হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯২ জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। বর্তমানে বিভাগজুড়ে ২৮১ রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৮ মে) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম।
মৃত শিশুদের মধ্যে রয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ছয় মাস বয়সি ইশিতা কাহের। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এছাড়া মৌলভীবাজার সদর উপজেলার বড়বাড়ি সামরাবাজার এলাকার নয় মাস বয়সি সুস্মিতা এবং সিলেট সদর উপজেলার পীরমহল্লা এলাকার নয় মাস বয়সি লাবিবা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ল্যাব কনফার্ম হাম রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ৭৫ জন, সিলেটে ৪২ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারে ১৬ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজন রুবেলায়ও আক্রান্ত ছিলেন।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৯২ রোগীর মধ্যে ২৯ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ২৫ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ১৫ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে, ৫ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে, ৫ জন বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৪ জন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালেও কয়েকজন রোগী ভর্তি রয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ২৮১ রোগীর মধ্যে সবচেয়ে বেশি ৭৭ জন রয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭০ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৮ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গে ৩৬ জন এবং নিশ্চিত হাম রোগে ৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, ‘সন্দেহজনক হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’




