সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : 19 May 2026, 8:06 PM
সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলির ঘটনায় পাল্টা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার (১৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গত সোমবার বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবির সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় বিএসএফ গুলি ছুড়লে তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানায় বিজিবি। বিজিবির পাল্টা গুলিবর্ষণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি যে কোনও উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তরক্ষী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।




