ঈদে টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 14 May 2026, 5:51 PM
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ছুটি কার্যকর থাকবে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত।
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দীর্ঘ ছুটির আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৪ মে) প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এর আগে ৭ মে মন্ত্রিসভার বৈঠকে ঈদ উপলক্ষে ২৫ মে নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত হয়। ফলে এবার টানা সাত দিনের অবকাশ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য।
তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে বলে জানানো হয়েছে। অর্থাৎ একটি সাপ্তাহিক ছুটির দিনেও (২৩ মে) কর্মস্থলে উপস্থিত থাকতে হবে কর্মচারীদের। বিষয়টি নিয়ে কিছুটা অস্বস্তি থাকলেও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, ঈদযাত্রা স্বাভাবিক রাখতে সমন্বিত সূচি রাখা হয়েছে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জরুরি সেবাসমূহ—যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিযোগাযোগ ও ডাকসেবা—এই ছুটির আওতার বাইরে থাকবে। একইভাবে হাসপাতাল, চিকিৎসক, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনসহ সব জরুরি স্বাস্থ্যসেবা চালু থাকবে।
ব্যাংকিং খাতের কার্যক্রম বিষয়ে বাংলাদেশ ব্যাংক আলাদা নির্দেশনা দেবে এবং আদালতের কার্যক্রম পরিচালনা করবে সুপ্রিম কোর্ট। শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার ছুটির বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
এম এইচ আ




