১৫ বছর পর বাস পোড়ানো হত্যা মামলায় ইলিয়াস আলীসহ ৩৮ নেতাকর্মী খালাস
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ
সিলেটে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও চিত্রনায়িকা শাবনূর–এর পিতা কাজী নাছির হত্যা মামলায় নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীসহ ৩৮ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে সিলেটের মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল ও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরিফুল ইসলাম সাক্ষ্য–প্রমাণ ও যুক্তিতর্ক শেষে এ রায় ঘোষণা করেন।
দীর্ঘ ১৫ বছর পর এ মামলার সব আসামি খালাস পেলেন। খালাসপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, এটিএম ফয়েজ এবং নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার।
মামলার তথ্য অনুযায়ী, ২০১১ সালের ১৮ ডিসেম্বর দক্ষিণ সুরমার বদিকোনা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। একই সঙ্গে আরেকটি বাসে ভাঙচুরের ঘটনাও ঘটে। আগুনে পুড়ে নিহত হন কাজী নাছির (৭০), যিনি পরে অভিনেত্রী শাবনূরের বাবা হিসেবে শনাক্ত হন।
ঘটনার পর পুলিশ বেওয়ারিশ হিসেবে তাঁর মরদেহ দাফন করেছিল। পরে নিহতের দ্বিতীয় স্ত্রী পরিচয় দিয়ে জ্যোৎস্না বেগম নামের এক নারী থানায় এসে জুতা, ঘড়ি, কোমরের বেল্ট ও মুখমণ্ডলের ছবি দেখে তাঁর স্বামীকে শনাক্ত করেন।
এ ঘটনায় ২০১১ সালের ১৮ ডিসেম্বর রাতে দক্ষিণ সুরমা থানায় হত্যা ও দ্রুত বিচার আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হাসান রিপন পাটোয়ারী, অ্যাডভোকেট মসরুর চৌধুরী শওকত ও অ্যাডভোকেট সাঈদ আহমদসহ কয়েকজন আইনজীবী।




