সংসদ নির্বাচনে কত খরচ হয়েছে জানাল জামায়াত
সিকডে
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয়ভাবে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা ব্যয় করেছে। মঙ্গলবার নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া নির্বাচনী ব্যয় বিবরণীতে এই তথ্য উল্লেখ করেছে দলটি।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ২২৭টি আসনে প্রার্থী দেয়। নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দুই শতাধিক আসনে প্রার্থী দিলে কোনো দল নির্বাচনে সাড়ে চার কোটি টাকা ব্যয় করতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দলীয়ভাবে ইসিতে জমা দেওয়া হিসাব অনুযায়ী, জামায়াতে ইসলামী প্রার্থীদের অনুদান দিয়েছে চার কোটি টাকা।
বাকি অর্থ ব্যয় হয়েছে নির্বাচনী ইশতেহার ছাপা, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, কেন্দ্রীয় নেতাদের নির্বাচনী সফর, বিজ্ঞাপনসহ বিভিন্ন খাতে।
হিসাব বিবরণীতে বলা হয়, নির্বাচনি প্রচারণায় ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা, পরিবহন খাতে আট হাজার ৭০০ টাকা, জনসভা ও সফর বাবদ ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা, স্টাফ খরচ দুই লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং আবাসন ও প্রশাসনিক খাতে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা ব্যয় করেছে দলটি।
এছাড়া বিবিধ খরচ হিসেবে আরও দুই লাখ টাকা উল্লেখ করা হয়েছে।
জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮টি আসন পেয়েছিল, যা দলটির ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি ছয়টি আসন পায়।
এম এইচ আ




