হবিগঞ্জের সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
হবিগঞ্জ থেকে সিলেটমুখী বিরতিহীন বাস মৌলভীবাজারে আটকে দেওয়ার প্রতিবাদে হবিগঞ্জ থেকে সারা দেশের সঙ্গে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকরা। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এর আগে সোমবার রাতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংবাদিকসহ বিভিন্ন মহলের সঙ্গে মতবিনিময় করে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী বলেন, গত রোববার সকাল ৭টা থেকে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব ও বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপন তার লোকজন দিয়ে শেরপুর এলাকায় হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস আটকে রাখছেন। ক্ষমতার প্রভাব খাটিয়ে এ কাজ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, গত দুই দিনে ৩৫ থেকে ৪০টি বাস আটকে রাখা হয়েছে। এছাড়া প্রায় ২০০ শ্রমিক সেখানে অনিরাপদ অবস্থায় রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও জানান তিনি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব ও বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপন বলেন, তিনি মিটিংয়ে রয়েছেন। পরে কথা বলবেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বলেন, এ বিষয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসকের সঙ্গে সকালে কথা হয়েছে। দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই সমস্যার সমাধান হবে।
হঠাৎ কোনো পূর্বঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাসস্ট্যান্ডে এসে তারা জানতে পারছেন, বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে অনেকে বাধ্য হয়ে সিএনজিচালিত অটোরিকশা বা অন্য যানবাহনে শায়েস্তাগঞ্জ গিয়ে সেখান থেকে বাসে গন্তব্যে রওনা হচ্ছেন।
এ সুযোগে সিএনজিচালিত অটোরিকশা চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে।




