তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতে যাচাই-বাছাই শুরু
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তার আওতায় আনতে স্বশরীরে উপস্থিতির মাধ্যমে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রকৃত তথ্য সংগ্রহ করে সরকারি সহায়তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়নভিত্তিক কৃষকদের জমি, ফসলের ক্ষয়ক্ষতি ও আর্থিক অবস্থার তথ্য সংগ্রহ করা হচ্ছে।
যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কে এম মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সদস্য একে এম নাসের উজ্জ্বল, জাহাঙ্গীর আলম, সাংবাদিক রোকন উদ্দিন এবং উপজেলা কৃষি অফিসের উপসহকারী শাহিমা আক্তারসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যরা।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, ‘প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত করতে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে। কোনো কৃষক যেন বঞ্চিত না হন, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বচ্ছ ও নিরপেক্ষভাবে যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে সরকারি সহায়তা সঠিক মানুষের কাছে পৌঁছায়।’
উপজেলা মৎস্য কর্মকর্তা কেএম মাহফুজুর রহমান বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে সরকারি সহায়তা নিশ্চিত করা হবে। মাঠপর্যায়ের কৃষকদের স্বশরীরে উপস্থিতির মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের পূর্ণাঙ্গ তথ্য নিশ্চিত করা হচ্ছে।’





