সিলেটে হাম আতঙ্ক বাড়ছেই, গত ২৪ ঘন্টায় দুই শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে।
রোববার সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
মারা যাওয়া দুই শিশু হলো, হবিগঞ্জের বাহুবল উপজেলার আবদুল্লাহপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আকরামুল (৯ মাস) এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া গ্রামের ইমরান মিয়ার ছেলে সাইফান (৮ মাস)। এর মধ্যে আকরামুলের মৃত্যু হয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ এবং সাইফানের মৃত্যু হয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল-এ।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১২২ শিশু সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। রোববার সকাল পর্যন্ত বিভাগে মোট ২৬৮ শিশু চিকিৎসাধীন ছিল। এর মধ্যে সর্বোচ্চ ১১৮ জন ভর্তি রয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৪ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন রয়েছে।
একশ শয্যার শামসুদ্দিন হাসপাতালে রোগীর চাপ এতটাই বেড়েছে যে এক শয্যায় একাধিক শিশুকে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে পরীক্ষায় কোনো রোগী শনাক্ত না হলেও এখন পর্যন্ত নমুনা পরীক্ষায় সিলেট বিভাগে মোট ১৪২ জনের হাম শনাক্ত হয়েছে।
সিলেটে ল্যাব পরীক্ষার সুযোগ না থাকায় অধিকাংশ রোগীকে উপসর্গের ভিত্তিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর রোগীদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে। শিশুদের মধ্যে জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এম এইচ আ




