শ্রীমঙ্গলে পুকুর থেকে রিকশাচালকের লাশ উদ্ধার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ হোসেন (৫৪) নামে রিকশাচালকের মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মে) সকালে উপজেলার ৮ নম্বর কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা-বাগানের রামপাড়া এলাকায় অজয় হাজরার বসতবাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ হোসেন কুমিল্লার লাকসাম থানার আলোকদিয়া ইউনিয়নের খোজারকলা গ্রামের মৃত শরবত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে পুকুরে এক ব্যক্তির পা ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি ছোটবেলা থেকেই সিলেট অঞ্চলে থাকতেন এবং শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় ‘হাসিম পাগলা’ নামে পরিচিত ছিলেন। তিনি পেশায় রিকশা চালক ছিলেন এবং দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় চলাফেরা করতেন বলেও জানান।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার বিকালে একই ইউনিয়নের একই এলাকার একটি লেক থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।




