ছাতকে ডাকাতির ঘটনায় দুইজন গ্রেফতার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : 08 May 2026, 7:54 PM

সুনামগঞ্জের ছাতকে সংঘটিত ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত নগদ টাকার একটি অংশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ মে রাত আনুমানিক ১১টা ১৫ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিটের মধ্যে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের শক্তিয়ারগাঁও এলাকার দারাখাই কুন্দানালা ব্রিজের দক্ষিণ পাশে ডাবর-জগন্নাথপুর আঞ্চলিক সড়কে একটি পিকআপ ভ্যানের গতিরোধ করে ৮ থেকে ১০ সদস্যের একটি ডাকাত দল।
ডাকাতরা পিকআপ ভ্যানের সামনের ও পাশের গ্লাস ভাঙচুর করে গাড়িতে থাকা জগন্নাথপুরের “হাবিব ভ্যারাইটিজ স্টোর”-এর কর্মচারীদের মারধর ও প্রাণনাশের ভয় দেখিয়ে নগদ ২ লাখ ৬ হাজার টাকা লুট করে নেয়।
ঘটনার শিকাররা হলেন দোকানের কর্মচারী স্বপন দাস (৩০), ড্রাইভার স্বদেব দাস (৩৫) ও প্রান্ত দাস (২৪)। পরে দোকানের মালিক মতিউর রহমান বাদী হয়ে ছাতক থানায় মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ সুপার সুনামগঞ্জের সার্বিক নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেলের তত্ত্বাবধানে এবং ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কবির, এসআই শেখ মো. মিরাজ আহম্মেদসহ পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযানে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে ভাতগাঁও ইউনিয়নের ভমভমি বাজার এলাকা থেকে জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের আজির উদ্দিন (৩৩) এবং শান্তিগঞ্জ উপজেলার ইশাকপুর গ্রামের হোসাইন আহম্মদ (২২)কে গ্রেফতার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শান্তিগঞ্জ উপজেলার ইশাকপুর এলাকায় অভিযান চালিয়ে একটি রামদা, একটি তলোয়ার, একটি কালো-লাল রঙের মুখোশযুক্ত হুডি জ্যাকেট এবং লুণ্ঠিত টাকার মধ্যে ২৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।




