সিলেট থেকে ৭টি হজ ফ্লাইট, প্রথম যাত্রায় সোমবার যাবেন ৪১৯ হাজি
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : 03 May 2026, 9:39 PM
এ বছর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি মোট সাতটি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে প্রথম ফ্লাইটটি আজ দিবাগত রাতে ৪১৯ জন হজযাত্রী নিয়ে মদিনা-র উদ্দেশে ছেড়ে যাবে।
রোববার হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), সিলেট অঞ্চলের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনটি সিলেট হাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
হাব সিলেট অঞ্চলের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল কাদির বলেন, প্রতি বছরের মতো এবারও সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট চালু হওয়া আনন্দ ও গৌরবের বিষয়। প্রথম ফ্লাইটটি ৪ মে রাত ১টা ২৫ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে মদিনার উদ্দেশে যাত্রা করবে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তিনি জানান, মোট সাতটি ফ্লাইটের মধ্যে একটি যাবে মদিনায়, বাকি ছয়টি যাবে জেদ্দা বিমানবন্দরে। নির্ধারিত সূচি অনুযায়ী ১৪, ১৫, ১৬, ১৭ (দুটি ফ্লাইট) ও ১৮ মে সিলেট-জেদ্দা রুটে ফ্লাইট পরিচালিত হবে।
এ বছর সিলেট অঞ্চলের মোট হজযাত্রীর সংখ্যা ৩ হাজার ৩৯৪ জন। এর মধ্যে ২ হাজার ৯৩৩ জন সরাসরি সিলেট থেকে সাতটি ফ্লাইটে সৌদি আরবে যাবেন। বাকি ৪৬১ জন ঢাকা হয়ে যাত্রা করবেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজে অংশ নেবেন।
সিলেট অঞ্চলে মোট ৩০টি হজ এজেন্সি কার্যক্রমে যুক্ত থাকলেও এবার ২৩টি এজেন্সি নিবন্ধন কার্যক্রমে অংশ নেয়। তাদের সমন্বিত উদ্যোগে হজযাত্রীদের নিবন্ধন, ভিসা কার্যক্রম ও সৌদি আরবে বাসস্থানের ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।




