স্কটল্যান্ড নির্বাচনে প্রথম বাংলাদেশি নারী প্রার্থী আফিফা খানম
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
স্কটল্যান্ডের মূলধারার রাজনীতিতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষাবিদ ও কমিউনিটি নেত্রী আফিফা খানম। প্রথম বাংলাদেশি নারী হিসেবে তিনি স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।
আগামী মে মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে মিড ফাইফ ও গ্লেনরথিস আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আফিফা খানম। বিষয়টি স্কটল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
আফিফা খানমের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট এলাকায়। তিনি বারকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। পরে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করেন। ১৯৮২ সালে বিয়ের পর স্কটল্যান্ডে পাড়ি জমান।
প্রবাসে গিয়ে নানা চ্যালেঞ্জ অতিক্রম করে তিনি আবার শিক্ষাজীবন শুরু করেন। স্থানীয় কাউন্সিলের ESOL ক্লাস থেকে শুরু করে ক্ল্যাকম্যান কলেজে পড়াশোনা করেন। পরে ইউনিভার্সিটি অব স্টার্লিং থেকে স্নাতক এবং একই বিশ্ববিদ্যালয় থেকে এডুকেশনাল লিডারশিপে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
পেশাগত জীবনে তিনি গ্লেনরথিস হাইস্কুলের প্রিন্সিপাল টিচার এবং অকটার্ডার কমিউনিটি স্কুলের ডেপুটি হেডটিচার ও বিজনেস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া শিক্ষা ও কমিউনিটি উন্নয়নে অবদানের জন্য বিভিন্ন স্বীকৃতি পেয়েছেন।
নারীর অধিকার, মানবাধিকার ও সামাজিক উন্নয়নেও দীর্ঘদিন সক্রিয় রয়েছেন তিনি। স্কটল্যান্ডে ইন্টারন্যাশনাল উইমেন গ্রুপ প্রতিষ্ঠা করেন এবং বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করছেন।
আফিফা খানম জানিয়েছেন, নির্বাচিত হলে শিক্ষা উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, জীবনযাত্রার ব্যয় মোকাবিলা, পরিবহন ব্যবস্থা উন্নয়ন এবং স্থানীয় অবকাঠামো শক্তিশালী করাকে অগ্রাধিকার দেবেন।
উল্লেখ্য, মিড ফাইফ ও গ্লেনরথিস আসনে প্রায় ৫৫ হাজার ভোটার রয়েছেন। এ আসনে ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে আফিফা খানমসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।




