হাওর রক্ষায় সরকারের মেগা প্রকল্প দরকার: শিশির মনির
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ
সুনামগঞ্জের হাওরাঞ্চল রক্ষায় সরকারকে বড় পরিসরের সমন্বিত প্রকল্প হাতে নেওয়ার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনির। তিনি বলেছেন, হাওরের স্থায়ী সমাধানে কয়েক কোটি টাকার নয়, প্রয়োজনে ৫০০ থেকে ১ হাজার কোটি টাকার প্রকল্প নিতে হবে।
আজ শনিবার সকালে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে সাক্ষাৎ এবং বিভিন্ন হাওর পরিদর্শন শেষে সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওর থেকে ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন।
শিশির মনির বলেন, সুনামগঞ্জের ভাটি অঞ্চলের প্রায় সব হাওরের একই অবস্থা। এ সংকট থেকে মুক্তি পেতে খাল, বিল ও নদী খনন করতে হবে। পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে, আবার অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থাও থাকতে হবে। প্রয়োজনীয় সুইচগেট নির্মাণ এবং একটি হাওর থেকে অন্য হাওর পৃথক করার ব্যবস্থাও নিতে হবে।
তিনি বলেন, এ ধরনের প্রকল্প বাস্তবায়নে দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের নিয়ে বাস্তবসম্মত পরিকল্পনা করতে হবে। তাহলেই কৃষকদের জন্য কার্যকর কিছু করা হবে।
বৃষ্টিপাতে হাওরাঞ্চলের হাজার হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, অনেক কৃষক ধান কাটতে পারেননি। যারা কেটেছেন, তারাও বিপদে পড়েছেন। রোদ না থাকায় জমিতে পড়ে থাকা ধান পচে চারা গজাতে শুরু করেছে।
সরকারের প্রতি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে কৃষি দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান শিশির মনির। তিনি বলেন, কৃষকদের এই দুঃসময়ে সরকার ও বেসরকারি সংস্থাগুলোকে পাশে দাঁড়াতে হবে। সরকার ঘোষিত তিন মাসের আর্থিক সহায়তাও দ্রুত পৌঁছে দেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, প্রতি বছরই হাওরে কখনো খরা, কখনো জলাবদ্ধতা দেখা দিচ্ছে। চৈত্র মাসে পানি সংকট ছিল, আর বৈশাখে শুধু পানি। এ পানি মূলত বৃষ্টির পানি, যা বের হওয়ার পথ না থাকায় হাওরে জমে থাকে। অপরিকল্পিত পিআইসি বাঁধের কারণেও পরিস্থিতি জটিল হয়েছে বলে মন্তব্য করেন তিনি।




