লাউয়াছড়ায় গাছ উপড়ে সড়ক বন্ধ, সাড়ে ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর গাছ সরিয়ে সন্ধ্যায় যান চলাচল স্বাভাবিক করা হয়।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে লাউয়াছড়ার ‘গাড়িভাঙা’ এলাকাসহ সড়কের কয়েকটি স্থানে বড় গাছ উপড়ে পড়ে। ফলে মহাসড়কটির উভয় পাশে দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাকসহ শতাধিক যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে বন বিভাগ, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাছ অপসারণের কাজ শুরু করেন। বনাঞ্চলের ভেতরে বড় গাছ সরাতে সময় লাগায় যাত্রী ও চালকদের দুর্ভোগে পড়তে হয়।
শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, আকস্মিক ঝড়ো বৃষ্টিতে একাধিক স্থানে গাছ পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। পরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টায় বিকেল ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক করা হয়।
বর্তমানে লাউয়াছড়া সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দুর্ঘটনা এড়াতে চালকদের সতর্কভাবে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





