আওয়ামী লীগের সংশ্লিষ্টতা অভিযোগে সিলেটে বইমেলার অনুমতি বাতিল
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আগামী ২৪ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা থাকা প্রকাশক পরিষদের বইমেলার অনুমতি বাতিল করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন এসএমপির উপ-কমিশনার (ডিবি) আফজাল আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় মেলার অনুমতি বাতিল করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, “প্রকাশক পরিষদ সিলেট” আয়োজিত এ বইমেলার সঙ্গে কয়েকজন ব্যক্তির নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এরই মধ্যে বৃহস্পতিবার বিকেলে বইমেলা বন্ধের দাবিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেন স্থানীয় কয়েকজন সাংস্কৃতিক কর্মী। অভিযোগে মেলা আয়োজক কমিটির শীর্ষ পর্যায়ের কয়েকজনের রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড তুলে ধরা হয়।
অভিযোগে বলা হয়, আয়োজক কমিটির সভাপতি নাজমুল হক নাজুসহ কয়েকজন অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি মেলায় অংশ নেওয়া কিছু প্রকাশনীর বিরুদ্ধেও আপত্তি তোলা হয়।
অভিযোগকারীরা দাবি করেন, তারা বইমেলার বিরোধী নন, তবে শহীদ মিনারের মতো গুরুত্বপূর্ণ স্থানে বিতর্কিত রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে—এমন আয়োজন গ্রহণযোগ্য নয়।
অভিযোগপত্রে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতা স্বাক্ষর করেন।
এ বিষয়ে এসএমপি জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় এবং নিরাপত্তাজনিত কারণে মেলার অনুমতি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




