সিলেটে সড়ক দুর্ঘটনায় তাঁতীদল নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
সিলেটে স্কুল থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদ। এ ঘটনায় আহত হয়েছে তার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনেল আহমদের বাড়ি দক্ষিণ সুরমার গোপশহর এলাকায়। তিনি নগরীর কাজী ম্যানশন মার্কেটের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
দলীয় সূত্র জানায়, স্থানীয় একটি স্কুল থেকে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জুনেল আহমদ। পথে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে গুরুতর আহত হয় তার ছেলে।
সিলেট মহানগর তাঁতীদলের সদস্যসচিব আমিনুল হক বেলাল বলেন, “স্কুল থেকে ছেলেকে নিয়ে বাসায় ফেরার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আমরা একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারালাম।”
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ট্রাকচালককে আটক করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




