শিবিরকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে শাবিপ্রবিতে ছাত্রদলের দেয়াল লিখন
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২৬, ৮:০০ অপরাহ্ণ

ছাত্রশিবিরের রাজনীতিকে ‘গুপ্ত রাজনীতি’ আখ্যা দিয়ে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার নেতাকর্মীরা।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ড, নতুন ফুটকোর্ট, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বিভিন্ন স্লোগান লেখা হয়।
দেয়াল লিখনে ‘গুপ্ত হতে সাবধান’, ‘গুপ্ত রাজনীতি বন্ধ চাই’সহ বিভিন্ন স্লোগান লেখা হয়।
শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান আহমেদ মোহন বলেন, অতীতে একটি সংগঠন ছাত্রলীগের ছায়াতলে রাজনীতি করেছে এবং সাম্প্রতিক সময়েও তারা বিভিন্ন ক্যাম্পাসে আড়ালে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব কার্যক্রমের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও দাবি করেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, যার প্রেক্ষিতে এ ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
কর্মসূচির বিষয়ে কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অবগত আছেন বলেও জানান তিনি।




