মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতি: পৃথক অভিযানে গ্রেপ্তার ৩
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় দায়ের করা মামলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ডাকাত দলের সর্দার রুবেল মিয়া। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি আগ্নেয়াস্ত্র (পাইপগান) ও একটি কার্তুজের খোসাও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজনগর উপজেলার সৈয়দ শামসুর রহমান আতিক (৩০), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রুবেল মিয়া (৪০) এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশরাফ হোসেন আশরাফুল (২৯)।
পুলিশ জানায়, গত ১৩ এপ্রিল রাতে বাউরবাগ এলাকায় ৬–৭ জনের একটি দল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাঁদের ধাওয়া দিলে ডাকাতেরা গুলি ছোঁড়ে। এ সময় তাঁদেরই একজন সদস্য আতিক গুলিবিদ্ধ হয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে আটক করা হয়।
আতিকের কাছ থেকে একটি পাইপগান ও ২১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ১৬ এপ্রিল সিলেট ও হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রুবেল মিয়া ও আশরাফ হোসেনকে গ্রেপ্তার করে।
পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার কামালপুর ইউনিয়নের একটি কলাবাগান থেকে আরও একটি পাইপগান ও একটি ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। রুবেল মিয়ার বিরুদ্ধে সিলেট অঞ্চলে ডাকাতিসহ ১১টি এবং আতিকের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। গুলিবিদ্ধ আতিক বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




