জকিগঞ্জে এমআর টিকাদান ক্যাম্পেইন সফল বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
সিলেটের জকিগঞ্জে হাম-রুবেলা প্রতিরোধে আসন্ন এমআর টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় বিশ্বাস বলেন, শিশুদের সুস্থতা নিশ্চিত করতে টিকাদান কর্মসূচির কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক। সভায় আরও বক্তব্য দেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব অধ্যাপক মাওলানা মুশাহীদ আহমদ কামালী এবং উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সজল চক্রবর্তীর সঞ্চালনায় সভার শুরুতে মেডিকেল অফিসার ডা. শাহিনা আক্তার এমআর ক্যাম্পেইন বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।
সভায় জানানো হয়, জকিগঞ্জে প্রাথমিকভাবে সন্দেহভাজন ৯ শিশুর মধ্যে একজনের হাম শনাক্ত হয়েছে। আক্রান্ত শিশুটি সুলতানপুর ইউনিয়নের পিল্লাকান্দি এলাকার বাসিন্দা হলেও বর্তমানে সুস্থ রয়েছে।
এ সময় জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী বিশেষ এমআর টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। জকিগঞ্জে তিন সপ্তাহব্যাপী (১১ কর্মদিবস) এ কার্যক্রম চলবে। এতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ৩০ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সভায় অভিভাবকদের নির্ধারিত সময়ে শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যম ও স্থানীয়দের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগে জকিগঞ্জে এমআর টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হবে এবং শিশুরা হাম-রুবেলার ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবে।
এম এইচ আ




