সিলেটে ঐতিহ্যবাহী ‘লাকড়ি তোড়া’ উৎসব উদযাপন
নিজস্ব প্রতিবেদন :
প্রকাশিত হয়েছে : 15 April 2026, 8:37 PM
সিলেটে শত শত বছরের ঐতিহ্যবাহী ‘লাকড়ি তোড়া’ উৎসব ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) যোহরের নামাজ শেষে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণ থেকে শুরু হয় এ আয়োজন। ঢাক-ঢোল ও ধর্মীয় স্লোগানে মুখর পরিবেশে ভক্তরা খালি পায়ে লাক্কাতুরা চা-বাগান সংলগ্ন টিলার দিকে যাত্রা করেন।
ভক্তদের অংশগ্রহণে টিলা এলাকা থেকে প্রতীকীভাবে জ্বালানি কাঠ সংগ্রহ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে জীবন্ত গাছ না কেটে পূর্বে সংগ্রহ করা ডালপালা ব্যবহার করা হয়েছে।
পরে সংগৃহীত লাকড়ি মাজারে এনে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষণ করা হয়, যা আগামী ৭ ও ৮ মে অনুষ্ঠিতব্য হজরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম বার্ষিক ওরসের রান্নায় ব্যবহৃত হবে।
মাজার কর্তৃপক্ষ জানায়, শত শত বছরের ঐতিহ্য অনুসরণ করে শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হয়েছে। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন ছিল উৎসবমুখর।
আধ্যাত্মিক ও লোকঐতিহ্যভিত্তিক এই ‘লাকড়ি তোড়া’ উৎসবকে সিলেট অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক পরম্পরা হিসেবে বিবেচনা করা হয়।




