শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, ৩ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেপ্তার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। ঘটনার তিন ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকল মিয়া (৭৭) ওই এলাকার বাসিন্দা। আহত হয়েছেন তার আরেক ছেলে শহিদুর মিয়া (৪৫)। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ছোট ছেলে মশিক মিয়ার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।
স্থানীয়দের বরাতে জানা যায়, বাকবিতণ্ডার সময় ধারালো অস্ত্র দিয়ে আকল মিয়াকে আঘাত করা হয়। তাকে রক্ষায় এগিয়ে গেলে শহিদুর মিয়াও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুর মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে মাত্র তিন ঘণ্টার মধ্যে কালাপুর পাহাড়ি এলাকা থেকে অভিযুক্ত মশিক মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।




