চুনারুঘাটে অবৈধভাবে বালু বিক্রির অভিযোগ, ৩টি ট্রাক জব্দ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজাবাজার মৌজার বালুমহালে সরকারি কোষাগারে নির্ধারিত অর্থ জমা না দিয়েই বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে ইজারাদার প্রতিষ্ঠান রাহী ট্রেডার্সের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় জনতা তিনটি বালুবাহী ড্রাম ট্রাক আটক করলে পরে পুলিশ সেগুলো জব্দ করে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাংলা ১৪৩৩ সনের জন্য চুনারুঘাট উপজেলার রাজাবাজার অংশের বালুমহাল সরকারি দরপত্রে সর্বোচ্চ ২১ কোটি ৪০ লাখ টাকায় ইজারা পান রাহী ট্রেডার্সের মালিক নাজমুন নাহার লিপি। সরকারি নিয়ম অনুযায়ী, ভ্যাট, আয়করসহ অতিরিক্ত ২৫ শতাংশ অর্থ পরিশোধ করতে হয়।
যার ফলে মোট পরিমাণ দাঁড়ায় ২৬ কোটি ৭৫ লাখ টাকা। তবে অভিযোগ রয়েছে, এই অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়েই বালু উত্তোলন ও বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা জামশেদ আলীসহ কয়েকজন অভিযোগ করে বলেন, ‘২৪ ঘণ্টা বালু বহনকারী ট্রাক পৌর শহরের রাস্তা দিয়ে চলাচল করার কারণে সব সময় যানজট লেগে থাকে। ফলে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে রয়েছেন।
এ ছাড়া রাতের বেলা অতিরিক্ত শব্দে ঘুমানো যায় না, শিশুদের পড়াশোনায় বিঘ্ন ঘটে এবং স্কুল-কলেজে যাতায়াতে আতঙ্ক বিরাজ করে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা।’
এ বিষয়ে জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর ও জেলা বালু মহাল কমিটির সদস্যসচিব মো. মহসীন মিয়া জানান, এখনো সরকারি কোষাগারে কোনো অর্থ জমা হয়নি। টাকা জমা দেওয়ার পর চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে ইজারাদারের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে।
তার আগে বালু উত্তোলন বা বিক্রি সম্পূর্ণ অবৈধ।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, সরকারি কোষাগারে টাকা জমা ছাড়া বালু উত্তোলন ও বিক্রি বেআইনি। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছি এবং তিনটি ট্রাক জব্দ করা হয়েছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, জনতার হাতে আটক তিনটি ড্রাম ট্রাক পুলিশ জব্দ করেছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিযুক্ত রাহী ট্রেডার্সের মালিক নাজমুন নাহার লিপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এম এইচ আ





