প্রথম নারী ফুটসাল বিশ্বকাপে চ্যাম্পিয়ন ব্রাজিল
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ণ
ফুটসাল নারী বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। রোববার ফিলিপাইনের ম্যানিলা শহরের ফিলস্পোর্টস অ্যারেনায় ফাইনালে পর্তুগালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে তারা।
১৬ দিনের টুর্নামেন্টের শেষ দিনে গ্যালারি ছিল পূর্ণ। প্রায় ৫ হাজার দর্শকের সামনে ম্যাচে আধিপত্য দেখায় ব্রাজিল। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে এমিলি গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন। তিনি গত বছরের ফিফা সেরা নারী ফুটসাল খেলোয়াড় এবং এই টুর্নামেন্টেও গোল্ডেন বল ও গোল্ডেন বুট-দুই পুরস্কারই জিতেন। তার সংগ্রহ সাত গোল ও দুই অ্যাসিস্ট।
দ্বিতীয়ার্ধে আমানদিনহা ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচ শেষের তিন মিনিট আগে দেবোরা ভানিন তৃতীয় গোলটি করেন। এভাবে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।
সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারানো পর্তুগাল হয় রানার্সআপ।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্পেন ৫-১ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে। স্পেনের জয়ে দুই গোল করেন লরা কর্দোবা।
টুর্নামেন্টের সেরা গোলকিপার হয়েছেন পর্তুগালের আনা ক্যাথারিনা। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পায় ব্রাজিল।
ব্রাজিলের কোচ উইলসন সাবোইয়া বলেন, এ জয় শুধু একটি ট্রফি নয়; এটি দেশের স্কুল, ক্লাব ও বিশ্ববিদ্যালয়ে ফুটসালকে আরও জনপ্রিয় করবে। এতে আরও ভালো কোচ ও খেলোয়াড় তৈরি হবে।





