পূজার পরেই ‘সিলেট সুন্দরের’ মিশনে নামছেন সাবেক মেয়র আরিফ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৩ অপরাহ্ণ
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা আরিফুল হক চৌধুরী বলেছেন, আমরা যখন রাজপথে নেমেছি, তখন এই সিলেটকে সুন্দর করে ছাড়বো ইনশাল্লাহ।
তিনি রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরীতে অনুষ্টিত নাগরিক পদযাত্রা কর্মসূচি শেষে অনুষ্টিত পথসভার সমাপনী বক্তব্যে এসব কথা বলেন।
সকাল ১১টার দিকে নগরীর কোর্ট পয়েন্ট থেকে নাগরিক পদযাত্রা শুরু হয়ে শেষ হয় চৌহাট্টাস্ত কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে। সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্টিত হয়।
সভায় আরিফুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, সিলেটের বর্তমান জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার শুরুর দিন থেকেই নগরীর যানজট সমস্যার সমাধানে তৎপর। তারা কাজ শুরু করেছেন। আমরা নগরবাসী তাদের সার্বিক সহযোগীতা ও সমর্থন জানিয়েছি।
তিনি বলেন, আমাদের এই নগরীকে সুন্দর করতে আমরা রাজপথে নেমেছি। এখন দুর্গাপূজা শুরু হয়েছে। পূজা শেষ হলেই একটা ঐক্যবদ্ধ প্লটফর্ম থেকে কাজ শুরু করবো। আমি নগরীর সব নাগরিককে এগিয়ে আসা ও সহযোগীতার আহ্বান জানাই।
তিনি আরও বলেন, আমার আহ্বানে আজকের এই পদযাত্রা কর্মসূচি বিএনপিসহ সিলেটের সব রাজনৈতিক দলের নেতাকর্মী, পেশাজীবী সংগঠন নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবী, ছাত্র-শিক্ষক সংস্কৃতি কর্মীরা অংশগ্রহণ করেছেন। তাদের সবাইকে আমি ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। আগামী দিনে সিলেটকে সুন্দর করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।





