শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩০ মে) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতির মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কয়েক হাজার সাধারণ নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তাঁরা কিছুক্ষণ নিরবতা পালন করেন এবং মহান নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতির আত্মার শান্তি এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে শেরেবাংলা নগরের মানিক মিয়া অ্যাভিনিউস্থ টিঅ্যান্ডটি খেলার মাঠ সংলগ্ন এলাকায় কয়েক হাজার দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ শুরু করেন তিনি। দিনব্যাপী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ স্থানে তিনি এ ধরনের মানবিক কার্যক্রমে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীসহ সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং খাবার বিতরণসহ আট দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।




