কুলাউড়া সীমান্তে পুশইন হওয়া ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ভারত থেকে পুশইন হওয়া ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) সকালে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত এলাকার চা-বাগানে নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে বিজিবির ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের টহল দল। পরে তাদের আটক করে ক্যাম্পে নেওয়া হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা জানান, বিভিন্ন সময়ে অবৈধভাবে তারা ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায় বলে তারা দাবি করেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করে। শুক্রবার রাতে স্বজনদের থানায় ডেকে এনে তাদের কাছে ১০ জনকে হস্তান্তর করা হয়। কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
হস্তান্তরকৃত ব্যক্তিরা হলেন-সুনামগঞ্জের দিরাই উপজেলার হাবুল দাস (৪৮), তার স্ত্রী সুমিত্রা দাস (৪৪), তাদের সন্তান অনামিকা দাস (১৭), ভূমি দাস (৭) ও হেমন্ত দাস (১৬); একই এলাকার গোপাল দাস (২৭); নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার রাহুল তালুকদার (২৭), যুবরাজ সরকার (৪২); এবং সিলেটের সদর উপজেলার মো. আল আমিন (৩৫) ও তার স্ত্রী ফাতেমা বেগম (১৯)।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




