নগরজুড়ে অভিযান : এসএমপির ৩২ ঘণ্টার অভিযানে আটক ১০৮
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ

সিলেট মহানগরীতে টানা সাড়াশি অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ৩২ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকা থেকে মোট ১০৮ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগ ১১৯টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে।
এসএমপি সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও সন্দেহভাজনসহ মোট ৬৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৬ জন, ওয়ারেন্টভুক্ত ৮ জন, দুইজন মাদক ব্যবসায়ী ও একজন সন্দেহভাজন রয়েছেন। এছাড়া মেট্রো অধ্যাদেশ আইনে আরও ৪৮ জনকে আটক করা হয়।
অভিযানকালে ৭০০ গ্রাম গাঁজা ও তিন বোতল মদ জব্দ করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ ভারতীয় চকলেট ও কসমেটিকস পণ্যও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ট্রাফিক বিভাগের অভিযানে ৪৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৭৩টি যানবাহন জব্দ করা হয়।
এরপর শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘণ্টার পৃথক অভিযানে নগরীর বিভিন্ন থানা পুলিশ ৪৩ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে একজন নিয়মিত মামলার আসামি, একজন ওয়ারেন্টভুক্ত, ১৯ জন মাদকসেবী ও ব্যবসায়ী, ১৪ জন সন্দেহভাজন, ছয়জন মেট্রো অধ্যাদেশ আইনে এবং দুইজন হকার রয়েছেন। এ সময় আরও মাদক ও বিদেশি মদ উদ্ধার করা হয়।
এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম বলেন, “চুরি-ছিনতাই রোধ ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, নগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




