জকিগঞ্জে এলপিজি পাম্পে অনিয়মের অভিযোগ, বাড়ছে ঝুঁকি
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ
সিলেটের জকিগঞ্জ উপজেলায় বৈধ এলপিজি পাম্পের আড়ালে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস ভরার অভিযোগ উঠেছে। এতে একদিকে বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, পাম্প থেকে সরাসরি সিলিন্ডারে গ্যাস ভরার নিয়ম না থাকলেও কিছু পাম্প মালিক তা চালিয়ে যাচ্ছেন। এতে তারা অতিরিক্ত মুনাফা করছেন এবং বাজারে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হচ্ছে। বৈধ ডিস্ট্রিবিউটরদের অভিযোগ, নির্ধারিত প্রক্রিয়ায় গ্যাস সরবরাহ করেও তারা বিক্রিতে পিছিয়ে পড়ছেন।
কম দামের কারণে কিছু ক্রেতা এসব পাম্প থেকে গ্যাস নিচ্ছেন। তবে এতে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে স্বীকার করেছেন অনেকেই। বিশেষজ্ঞদের মতে, এই প্রক্রিয়া ঝুঁকিপূর্ণ এবং সামান্য অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
পাশের বিয়ানীবাজার উপজেলায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে একটি এলপিজি ফিলিং স্টেশনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, জকিগঞ্জেও একই ধরনের অভিযোগ থাকলেও দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ এখনো দেখা যায়নি। তবে উপজেলা প্রশাসন জানিয়েছে, অনিয়ম প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, কার্যকর নজরদারি ও দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।




