তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 24 December 2025, 12:17 PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সরকার ও দলের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
আগামী ২৫ ডিসেম্বর তাঁর দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তারেক রহমানের দেশে নিরাপদ আগমন নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সম্পূর্ণ সতর্ক ও সমন্বিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর তারেক রহমানের যাতায়াতের সময় পুলিশি পাহারাসহ বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। তাঁর বাসভবন ও অফিসেও নিরাপত্তা জোরদার করা হবে।
ডিএমপি সূত্র আরো জানায়, স্বদেশ প্রত্যাবর্তনের দিন ঢাকা মহানগরজুড়ে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। এদিন রাজধানীতে সম্ভাব্য বড় জনসমাগম শৃঙ্খলাবদ্ধ রাখতে বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে দলের পক্ষ থেকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর নেতৃত্বে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সসহ একাধিক টিম কাজ করবে এবং কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে।
প্রায় দেড় যুগ পর ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নেতারা জানিয়েছেন, ওই দিন ঢাকায় পৌঁছলে দলের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হবে।




