সিলেটে কিশোরের ঝুলন্ত ও যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
সিকডে
প্রকাশিত হয়েছে : 03 September 2026, 7:37 PM
সিলেটের দক্ষিণ সুরমার খোজারখলা থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা কাশবন আবাসিক এলাকার একটি কলোনী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আমিন আলী (১৬) মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বাছিরপুর গ্রামের শুকুর মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে ওই কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানায়, দুপুরে পরিবারের সদস্যরা ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ওসি মামুনুর রশীদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
এরআগে বুধবার রাতে এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পাঠানগাঁওয়ে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত জমির আলী (৪০) ওই গ্রামের করম আলীর ছেলে। পুলিশের ধারণা জমির আলী ছোরা দিয়ে গলাকেটে আত্মহত্যা করতে পারেন।
সিলেট এয়ারপোর্ট থানার ওসি সহিদুর রহমান জানান, পরিবারের লোকজনের কাছ থেকে খবর পেয়ে বুধবার রাতে নিজ বসতঘর থেকে জমির আলীর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা দাবি করছেন জমির আলী মানসিক বিকারগ্রস্থ ছিল। ধারণা করা হচ্ছে ছোরা দিয়ে গলা কেটে জমির আলী আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
এম এইচ আ



