সিলেট রেঞ্জে নতুন ডিআইজি ড. জিল্লুর রহমান
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : 05 May 2026, 10:31 PM
সিলেট রেঞ্জ পুলিশের নেতৃত্বে পরিবর্তন এসেছে। বর্তমান ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। তার স্থলে নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার (আরএমপি) ড. মো. জিল্লুর রহমান।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক আদেশে এ পদায়ন কার্যকর করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ–এর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা ড. জিল্লুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে সিলেটের বিদায়ী ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া একই আদেশে পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরে আরও ব্যাপক রদবদল আনা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন এসবির ডিআইজি মোহা. ফয়েজুল কবির। বরিশাল মেট্রোপলিটন পুলিশ, সিআইডি, ডিএমপি এবং বিভিন্ন জেলায়ও নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
পুলিশের জেলা পর্যায়েও একাধিক পরিবর্তন আনা হয়েছে। বিভিন্ন জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগের পাশাপাশি কয়েকজন কর্মকর্তাকে ভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ বদলির নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।




