সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, বাড়ছে আতঙ্ক
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
সিলেটে থামছে না হাম-সদৃশ উপসর্গে শিশু মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে, যা নিয়ে বিভাগজুড়ে এ ধরনের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। একই সঙ্গে আশঙ্কাজনক হারে বাড়ছে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা, বাড়ছে উদ্বেগও।
মঙ্গলবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ অধিদপ্তর এর সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নুরে আলম শামীম।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মারা যাওয়া তিন শিশুর মধ্যে ৬ মাস বয়সী ওমর বিশ্বনাথ উপজেলা, ৫ মাস বয়সী প্রিয়ম সরকার দিরাই উপজেলা এবং ৮ মাস বয়সী রায়হান নবীগঞ্জ–এর বাসিন্দা। তারা পৃথক সময়ে ওসমানী হাসপাতালেএ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠাতে হওয়ায় নিশ্চিত শনাক্তে সময় লাগছে। ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
গত ১ জানুয়ারি থেকে ৫ মে পর্যন্ত ল্যাব পরীক্ষায় ১২৮ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৬৪ জন, সিলেটে ৪০ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং হবিগঞ্জে ৮ জন। এর মধ্যে কয়েকজন রুবেলাতেও আক্রান্ত হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৬৩ শিশু সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগজুড়ে প্রায় ২০০ শিশু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শহীদ সামসুদ্দিন হাসপাতালে–এ সর্বোচ্চ সংখ্যক রোগী চিকিৎসা নিচ্ছে।
ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুতে জনমনে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার এবং দ্রুত শনাক্তকরণ নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।





