সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, বিভাগজুড়ে সতর্কতা
নিজস্ব প্রতিবেদন :
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ
সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি সময়ে বিভাগে এ রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. কামরুজ্জামান জানান, শিশুটির শরীরে হাম ছাড়াও হার্ট ফেইলিউরসহ একাধিক জটিলতা ছিল। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজনের দেহে ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ৪৫ জনের ল্যাব-নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ১০৭ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৬২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৯ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে।





